লালমনিরহাটে ট্রাকচাপায় দুই নারীর প্রাণহানি

Published: October 10, 2026, 9:01 am

লালমনিরহাটে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় ফজিলা বেগম (৫৩) ও জহিলা বেগম (৬০) নামে দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে সদর উপজেলার তিস্তা-বড়বাড়ী মহাসড়কের ফকিরের তকেয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ফজিলা বেগম ওই এলাকার আব্দুল করিমের স্ত্রী এবং জহিলা বেগম একই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে ফজিলা ও জহিলা মহাসড়কের পাশে হাঁটতে বের হয়েছিলেন। সেই সময় রংপুর থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে ট্রাকটি আটক করেন এবং পুলিশকে খবর দেন। পরে লালমনিরহাট সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh