ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বর্তমান সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। রাহুল গান্ধী তার পোস্টে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, এ সরকারকে বিদায় নিতে হবে।
সরকার পরিবর্তনের পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগেরও দাবি জানিয়েছেন রাহুল গান্ধী। তার ভাষ্যমতে, সরকার পরিবর্তন এবং প্রধান নির্বাচন কমিশনারের অপসারণের পরই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রকৃত কাজ শুরু করা সম্ভব হবে।
এদিকে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে।
বিরোধী দলগুলোর দীর্ঘদিনের অভিযোগ, নির্বাচন কমিশনের এই এসআইআর প্রক্রিয়ার কারণে বিপুলসংখ্যক ভোটার তাদের ভোটাধিকার হারানোর ঝুঁকিতে পড়েছেন। নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে বিরোধীদের এই সমালোচনা অব্যাহত রয়েছে এবং এ কারণেই প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করা হয়েছে।





