হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া

Published: October 10, 2026, 9:32 am

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যাটি জাকারিয়াকে হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছেন। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট এই নিয়োগের ঘোষণা দেন এবং ট্রাম্পের প্রতি জাকারিয়ার দীর্ঘদিনের আনুগত্য ও সমর্থনের প্রশংসা করেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, সমর্থকদের মধ্যে জাকারিয়ার রেকর্ড অত্যন্ত পরিচ্ছন্ন। তিনি শুরু থেকেই একজন বিশ্বস্ত ও মেধাবী সমর্থক হিসেবে পাশে রয়েছেন। এছাড়া তিনি ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মাগা) আন্দোলনের একজন একনিষ্ঠ ভক্ত ও সদস্য বলেও উল্লেখ করেন ট্রাম্প।

পেশায় আইনজীবী ক্যাটি জাকারিয়া বর্তমানে ট্রাম্পের মালিকানাধীন গণমাধ্যম প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের যোগাযোগবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ক্যারোলাইন লেভিটের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি গত আগস্টে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসনের অন্যতম পরিচিত মুখ হিসেবে দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছিলেন।

জাকারিয়ার পেশাগত যোগ্যতার প্রশংসা করে ট্রাম্প বলেন, তাঁর প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারাভিযানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে তাঁর সুসম্পর্ক গড়ে উঠবে বলে তিনি আশাবাদী।

নিয়োগ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জাকারিয়া লেখেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়া তাঁর জন্য অত্যন্ত সম্মানের। তিনি প্রেসিডেন্টের আস্থা অর্জন করার জন্য গর্ব প্রকাশ করেন এবং ট্রাম্পের নেতৃত্বকে দেশের জন্য আশীর্বাদ বলে অভিহিত করেন। জাকারিয়া আরও জানান, প্রশাসনের প্রতিদিনের সাফল্যগুলো মার্কিন জনগণের কাছে তুলে ধরাই হবে তাঁর প্রধান কাজ।

জাকারিয়া বর্তমানে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের জ্যেষ্ঠ যোগাযোগবিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন, যে প্রতিষ্ঠানটি ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল পরিচালনা করে। ট্রাম্প তাঁর কাজকে ‘অসাধারণ’ বলে অভিহিত করেছেন।

ফক্স নিউজ ও নিউজম্যাক্সসহ বিভিন্ন রক্ষণশীল টেলিভিশন চ্যানেলে নিয়মিত রাজনৈতিক ভাষ্য দিয়ে থাকেন জাকারিয়া। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের শুরুতে তৎকালীন মন্ত্রী ক্রিস্টি নোয়েমের অধীনে ওই বিভাগে যোগ দিলেও লিংকডইন প্রোফাইল অনুযায়ী তিনি প্রায় দুই মাস পরই দায়িত্ব ছেড়ে দেন।

ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী জাকারিয়া রিচার্ড গ্রেনেলের প্রতিষ্ঠিত রক্ষণশীল রাজনৈতিক সংগঠন ‘ফিক্স ক্যালিফোর্নিয়া’র সাথেও যুক্ত আছেন। সিএনবিসির তথ্য অনুযায়ী, তিনি সংগঠনটির প্রধান আইন উপদেষ্টা হিসেবে কাজ করছেন, যার লক্ষ্য ডেমোক্র্যাটদের প্রাধান্য থাকা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে রক্ষণশীল আদর্শ এগিয়ে নেওয়া।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, জাকারিয়াকে নিয়োগের আগে ট্রাম্প বিদায়ী প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটসহ কয়েকজন ঘনিষ্ঠ মিত্র ও উপদেষ্টার পরামর্শ নিয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া, সরকারের নীতি ব্যাখ্যা করা এবং প্রেসিডেন্টের অবস্থান তুলে ধরার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin