যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

Published: October 10, 2026, 10:00 am

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগের জন্য স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৬ই অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় এই পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার যুব উন্নয়ন অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে, শনিবার বেলা ১১টায় সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। তবে পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে, যার ফলে তাৎক্ষণিকভাবে পরীক্ষাটি স্থগিত ঘোষণা করা হয়।

প্রশ্নপত্র ফাঁসের এই অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin