বরিশালে ইলিশ রক্ষা অভিযানে কোস্টগার্ডের ওপর হামলা, ১০টি ফাঁকা গুলি

Published: October 10, 2026, 9:44 am

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে থাকা কোস্টগার্ড সদস্যদের ওপর জেলেদের হামলার অভিযোগ উঠেছে। এ সময় মৎস্য বিভাগের কর্মকর্তাদের বহনকারী স্পিডবোট লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে কোস্টগার্ড সদস্যরা ১০টি ফাঁকা গুলি ছোড়েন। এ ঘটনায় দুই জেলেকে আটক করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত শুক্রবার বিকেলে হিজলা উপজেলার মেঘনা নদীর অন্তর্বাম এলাকায় এ সংঘর্ষ ও ধাওয়ার ঘটনা ঘটে। আটককৃত দুই জেলে হলেন সালাহউদ্দিন চৌকিদার ও শাহ আলম। ঘটনার পর রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিয়াস সিকদার তাঁদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযানস্থল থেকে প্রায় দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং পাঁচ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দ করা কারেন্ট জাল পরে পুড়িয়ে ফেলা হয়।

ঘটনার বিবরণ দিয়ে হিজলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, শুক্রবার দুপুরের পর মেঘনা নদীতে একাধিক ইঞ্জিনচালিত নৌকা নিয়ে জেলেদের মাছ ধরতে দেখা যায়। কর্মকর্তারা তাঁদের মাছ ধরা থেকে বিরত রাখতে গেলে কয়েকটি নৌকার লোকজন সংঘবদ্ধ হয়ে কোস্টগার্ডের টহল দলের ওপর চড়াও হয়।

পরবর্তী সময়ে বিকেলে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমানের নেতৃত্বে নৌ পুলিশের একটি দল অন্তর্বাম এলাকায় উপস্থিত হয়। তিনি বলেন, সেখানে জেলেদের ছোড়া ইটপাটকেলের আঘাতে তাঁদের বহনকারী স্পিডবোটের সামনের কাচ ও হর্ন ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্টগার্ড সদস্যরা ১০টি ফাঁকা গুলি ছোড়েন এবং ধাওয়া করে ইঞ্জিনচালিত নৌকাসহ দুই জেলেকে আটক করেন।

উল্লেখ্য, সরকারি ঘোষণায় মা ইলিশ রক্ষায় গত বুধবার মধ্যরাত থেকে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হয়েছে, যা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে। এ সময় দেশের নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, বাজারজাতকরণ এবং মজুত রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার বিষয়ে হিজলার ইউএনও এবং কোস্টগার্ডের দক্ষিণ জোনের আঞ্চলিক কার্যালয়ের গণমাধ্যম বিভাগে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সাড়া পাওয়া যায়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo