বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

Published: October 10, 2026, 8:24 am

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের একটি উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গবেষকরা তাদের উদ্ভাবিত প্রযুক্তি, গবেষণার বর্তমান অগ্রগতি এবং বাণিজ্যিকভাবে জ্বালানি তেল উৎপাদনের সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। প্রধানমন্ত্রী পুরো প্রকল্পটি প্রত্যক্ষ করেন এবং এর কার্যক্রম ও ভবিষ্যৎ বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। প্রকল্পটি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন তিনি।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান এই গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, প্রায় ১০ বছর ধরে পরিচালিত গবেষণায় 'হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন' প্রযুক্তি ব্যবহার করে মানববর্জ্য, পয়ঃশোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য এবং কৃষিজ অবশিষ্টাংশ থেকে জৈব অপরিশোধিত তেল বা বায়োক্রুড উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে। গবেষণাগারের পরীক্ষায় ৫০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বায়োক্রুড উৎপাদনের হার পাওয়া গেছে এবং ডিজেলসমৃদ্ধ বায়োক্রুড উৎপাদনেও গবেষকরা সফল হয়েছেন।

প্রকল্পের পরবর্তী ধাপ হিসেবে প্রতিদিন ১ থেকে ৩ টন বর্জ্য প্রক্রিয়াকরণ সক্ষম একটি পাইলট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রযুক্তিটির কার্যকারিতা, উৎপাদন ব্যয় এবং বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করা হবে। প্রস্তাবিত এই পাইলট প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ১০০ থেকে ১২০ কোটি টাকা প্রয়োজন হবে। গবেষকদের মতে, প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে সফল হলে ভবিষ্যতে আমদানিকৃত অপরিশোধিত তেলের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ প্রতিস্থাপন করা সম্ভব হতে পারে। এর ফলে বছরে আনুমানিক ৬ হাজার ৫০০ থেকে ১৩ হাজার কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

গবেষকদের প্রত্যাশা, সরকারি সহায়তায় প্রযুক্তিটি বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হলে দেশের জ্বালানি সংকট ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যার টেকসই সমাধান সম্ভব হবে। এটি জ্বালানি আমদানিনির্ভরতা হ্রাস, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং পরিবেশদূষণ কমানোর পাশাপাশি দেশীয় জ্বালানি শিল্প বিকাশে নতুন পথ তৈরি করবে।

অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাবলিক ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, কুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy