মানবসভ্যতার শুরু থেকেই সত্যবাদিতাকে সর্বোচ্চ নৈতিক মানদণ্ড হিসেবে গণ্য করা হয়। ইসলামে সত্য বলা একটি অপরিহার্য নৈতিক শিক্ষা, যেখানে মিথ্যাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। তবে প্রায়ই একটি প্রশ্ন সামনে আসে, তা হলো—মুখ দিয়ে মিথ্যা না বললেও, জানা সত্য গোপন রাখা কি মিথ্যার সমান এবং এর জন্য কি ব্যক্তি দায়ী? ইসলামি দৃষ্টিকোণ থেকে এই দুটি বিষয় ভিন্ন। মিথ্যা হলো যা সত্য নয়, তা সত্য হিসেবে প্রকাশ করা। অন্যদিকে, সত্য গোপন করা হলো জানা কোনো তথ্য প্রকাশ না করা। তবে পরিস্থিতি ও উদ্দেশ্যের ওপর ভিত্তি করে সত্য গোপন করাও অনেক ক্ষেত্রে গুনাহের কাজ হিসেবে বিবেচিত হয়।
বাস্তবতার বিপরীত কোনো কথা বলাই হলো মিথ্যা। কোনো ঘটনা ঘটেনি জেনেও তা ঘটেছে বলা, অথবা ঘটেছে জেনেও না ঘটার দাবি করা—উভয়ই মিথ্যার অন্তর্ভুক্ত। রাসুলুল্লাহ (স.) বলেছেন, 'সত্য নেকির দিকে পরিচালিত করে, আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। মানুষ সত্য বলতে বলতে একসময় আল্লাহর কাছে সিদ্দীক হিসেবে লিখিত হয়। আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। মানুষ মিথ্যা বলতে বলতে একসময় আল্লাহর কাছে মহামিথ্যাবাদী হিসেবে লিখিত হয়' (সহিহ বুখারি: ৬০৯৪; সহিহ মুসলিম: ২৬০৭)। সুতরাং মিথ্যা কেবল একটি ভুল কথা নয়, এটি মানুষের চরিত্র, বিশ্বাসযোগ্যতা এবং নৈতিকতার মূলে আঘাত করে।
কেউ যদি কোনো প্রশ্নের উত্তর না দেয় বা তথ্য প্রকাশ না করে, তবে তাকে সরাসরি মিথ্যাবাদী বলা যায় না, কারণ সে অসত্য কিছু বলেনি। ব্যক্তিগত বিষয়ে কেউ প্রশ্ন করলে 'আমি এ বিষয়ে আলোচনা করতে চাই না' বলা মিথ্যা নয়। তবে যখন নীরবতার উদ্দেশ্য হয় অন্যকে ধোঁকা দেওয়া, কারো অধিকার নষ্ট করা বা কাউকে ভুল সিদ্ধান্তে প্ররোচিত করা, তখনই তা গুরুতর অপরাধে রূপ নেয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, 'তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে দিও না এবং জেনেশুনে সত্য গোপন করো না' (সুরা বাকারা: ৪২)। সাক্ষ্য প্রদানের ক্ষেত্রেও সত্য গোপন করাকে পাপ হিসেবে চিহ্নিত করে বলা হয়েছে, 'তোমরা সাক্ষ্য গোপন করো না। যে তা গোপন করে, তার অন্তর পাপী' (সুরা বাকারা: ২৮৩)।
লেনদেনের ক্ষেত্রেও সত্য গোপন করার ব্যাপারে কঠোর সতর্কতা রয়েছে। রাসুলুল্লাহ (স.) একবার খাদ্যশস্যের স্তূপে হাত ঢুকিয়ে ভেজা অংশ পেয়েছিলেন। বিক্রেতা জানান, বৃষ্টিতে তা ভিজে গিয়েছিল। তখন নবীজি (স.) প্রশ্ন করেন, কেন ভেজা অংশটি ওপরে রাখা হয়নি যাতে ক্রেতা তা দেখতে পায়? এরপর তিনি ঘোষণা করেন, 'যে ধোঁকা দেয়, সে আমার সাথে কোনো সম্পর্ক রাখে না' (সহিহ মুসলিম: ১০২)। বিক্রেতা এখানে সরাসরি মিথ্যা বলেননি, কিন্তু পণ্যের ত্রুটি আড়াল করার মাধ্যমে ক্রেতাকে প্রতারিত করেছিলেন।
তবে এর অর্থ এই নয় যে, প্রতিটি জানা কথা সবাইকে বলে দিতে হবে। ইসলাম ব্যক্তিগত গোপনীয়তা ও মানুষের সম্মান রক্ষাকেও গুরুত্ব দেয়। কারো ব্যক্তিগত গোপন কথা রক্ষা করা মিথ্যা নয়। অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলাও ইসলামি শিক্ষার অংশ। রাসুলুল্লাহ (স.) বলেছেন, 'যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে, নয়তো চুপ থাকে' (সহিহ বুখারি ও সহিহ মুসলিম)। তাই নিজের ব্যক্তিগত বিষয়, অন্যের গোপন তথ্য কিংবা যে তথ্য প্রকাশ করলে অকারণে কারো ক্ষতি বা অপমান হওয়ার সম্ভাবনা থাকে, সেসব ক্ষেত্রে নীরব থাকা দোষের কিছু নয়।





