রাজধানীর রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মো. মারুফ হোসেন মিঠুকে (৩৪) আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা রাখার অভিযোগ রয়েছে। এ ছাড়া পলাতক নেতাদের নির্দেশে তিনি সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন।
বর্তমানে মিঠুকে মিরপুর মডেল থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে। ওসি হাফিজুর রহমান জানিয়েছেন, তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আটক মারুফ হোসেন মিঠুর বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার দোলনাপুর গ্রামে। তার বাবার নাম মো. জহিরুল ইসলাম। তিনি রাজধানীর পল্লবী এলাকায় বসবাস করতেন।





