বিদেশি বিনিয়োগ সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: প্রধানমন্ত্রী

Published: November 24, 2026, 3:33 am

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসার প্রক্রিয়া দ্রুত ও সহসাদ্য করতে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দক্ষিণ কোরিয়ার শিল্পগোষ্ঠী এসকে গ্রুপের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার সময় তিনি এ প্রতিশ্রুতি দেন।

সোমাবার (২৩ নভেম্বর) সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। বৈঠকে এসকে গ্রুপ কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর অঞ্চলে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিশেষ আগ্রহ দেখিয়ে বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করে।

উপস্থাপনায় দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলটি জানায়, সঠিক পদক্ষেপ নিলে মাতারবাড়ী এলাকাটি দক্ষিণ কোরিয়ার উলসানের আদলে একটি সমৃদ্ধ এনার্জি হাবে পরিণত হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং দেশের জ্বালানি খাতে বিনিয়োগের এমন প্রস্তাবকে স্বাগত জানান।

প্রস্তাবিত এই প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী জানান, প্রকল্প সফল করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এসকে গ্রুপের প্রতিনিধিদল সরকারের বিনিয়োগবান্ধব পদক্ষেপের প্রশংসা করে বাংলাদেশে বাণিজ্যিক সুযোগগুলো কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করে।

উক্ত বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া এসকে গ্রুপের প্রতিনিধিদলে ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সুং ও এসকে গ্যাসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা কিউনইয়ল সংসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin