পিরোজপুরের বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে শান্ত (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সেতুর কাউখালী প্রান্তে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। নিহত শান্ত কাউখালী উপজেলার বেকুটিয়া এলাকার শতদল রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় দুটি মোটরসাইকেলে পাঁচজন আরোহী কাউখালীর দিকে যাচ্ছিলেন। বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচ আরোহীই ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনায় আহত চারজন হলেন—কাউখালীর পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাহফুজুর রহমান (২৫), বাবর মাঝীর ছেলে সুনান মাঝী ও সাজিদ (২৩) এবং পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া এলাকার মধুর ছেলে জয় (২৬)।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে জেলা হাসপাতালে পাঠান। এছাড়া প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আরও তিনজন আহত হওয়ার তথ্য পাওয়া যায়।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) জানান, হাসপাতালে চারজনকে আনা হলে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের সবাইকে খুলনায় পাঠানো হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা শান্তকে মৃত ঘোষণা করেন।





