সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজাসহ ইসলাম উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে তার নিজ বাড়িতে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া ইসলাম উদ্দিন ওই গ্রামের মৃত ইস্কান্দর ফকিরের ছেলে।
পুলিশের দাবি, ইসলাম উদ্দিন উপজেলার গাঁজা ও ভারতীয় নাছির উদ্দিন বিড়ি সিন্ডিকেটের অন্যতম সক্রিয় সদস্য। তাহিরপুর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) সাদেকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল রাতে ইসলাম উদ্দিনের বাড়িতে তল্লাশি চালায়। অভিযানে বিপুল পরিমাণ এই মাদকদ্রব্যসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, আটককৃত ইসলাম উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।





