সিলেটের জৈন্তাপুরে ছয় দিনের ব্যবধানে ফের বিস্ফোরক উদ্ধার

Published: November 23, 2026, 10:42 am

সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী শ্রীপুর এলাকায় একের পর এক বিস্ফোরক উদ্ধারের ঘটনায় সীমান্ত দিয়ে বিস্ফোরক পাচার এবং জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মাত্র ছয় দিনের ব্যবধানে উপজেলার দুটি পৃথক স্থান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সর্বশেষ রোববার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে জৈন্তাপুরের শ্রীপুর পিকনিক স্পট এলাকায় বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক এবং সাতটি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির প্রযুক্তিগত সহায়তায় সন্দেহভাজন এলাকাটি শনাক্ত করা হয়। এরপর বিজিবির কে-৯ ডগ স্কোয়াডের সহায়তায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক ও সিরাপ জব্দ করা হয়। এর আগে গত ১৭ নভেম্বর রাতে একই উপজেলার শ্রীপুর চা বাগানের খরমপুর এলাকায় ৪৮ বিজিবির অভিযানে ৫০টি উচ্চক্ষমতার বিস্ফোরক পাওয়ারজেল, ৪৮টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করা হয়েছিল। আগের সেই ঘটনাতেও বিস্ফোরকগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল।

চলতি বছর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিভিন্ন বিশেষ অভিযানে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি বিস্ফোরক পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে। চা বাগান ও পিকনিক স্পটের মতো জনসমাগমপূর্ণ এলাকায় বিস্ফোরক পাওয়ার বিষয়টি জননিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। তবে উদ্ধার হওয়া বিস্ফোরকের উৎস, গন্তব্য বা কী উদ্দেশ্যে এগুলো আনা হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধ এবং অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে বিজিবি ও এসআরবির সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে এবং উদ্ধার হওয়া মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy