বিএনপিতে ফেরার কোনো আবেদন করিনি: ব্যারিস্টার রুমিন ফারহানা

Published: November 23, 2026, 10:48 am

বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফিরিয়ে নেওয়ার চলমান উদ্যোগের মাঝে নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেছেন দলটির বহিষ্কৃত নেত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার (২৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, বিএনপিতে ফেরার জন্য তিনি কখনোই কোনো আবেদন করেননি।

ফেসবুক পোস্টে রুমিন ফারহানা লেখেন, “অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন আমি দলে ফিরব কিনা? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করি নাই।” তিনি আরও যোগ করেন, “আমার কোনো কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব, এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন, তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।”

সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিএনপির বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকর্মীকে দলে ফিরিয়ে নেওয়ার খবর প্রকাশ্যে আসার পর রুমিন ফারহানার দলে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার সৃষ্টি হয়। সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই তিনি নিজের অবস্থান তুলে ধরেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছিল। ওই আসনে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পান জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। দলীয় মনোনয়ন না পেয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন এবং বিজয়ী হন। সাম্প্রতিক এই বক্তব্যের মাধ্যমে তিনি আপাতত বিএনপিতে ফেরার বিষয়ে তাঁর অনাগ্রহের বিষয়টি স্পষ্ট করলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin