দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সেবার মান আরও উন্নত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ তাগিদ দেন।
সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী পরিবার পরিকল্পনা সেবা নিয়ে আগামী ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হতে যাওয়া বছরব্যাপী একটি বৃহৎ জনসচেতনতামূলক ক্যাম্পেইনের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এই ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তিনি রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণটি গ্রহণ করেছেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন। মন্ত্রী জানান, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সরকার এই বছরব্যাপী কর্মসূচি হাতে নিচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী এ সময় বিগত সরকারের আমলে স্বাস্থ্য খাত ও পরিবার পরিকল্পনার মতো জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ও মৌলিক চাহিদাসংশ্লিষ্ট বিষয়গুলো চরমভাবে অবহেলিত ছিল বলে মন্তব্য করেন। তিনি জানান, বর্তমান সরকার এই খাতের উন্নয়নে বাজেট বাড়ানো, নতুন হাসপাতাল নির্মাণ, স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং সেবার মানোন্নয়নসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার হেলথ কার্ডসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক জিন্নাত রেহানা উপস্থিত ছিলেন।





