সেঞ্চুরিয়নে বৃষ্টি না থামায় নির্ধারিত সময়ে গড়ায়নি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট। কাভার ঢাকা পিচ এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে সময়মতো সম্পন্ন করা সম্ভব হয়নি ম্যাচের টস।
বাংলাদেশ সময় বেলা দুইটায় দুই দলের লড়াই শুরু হওয়ার কথা ছিল। তবে সেঞ্চুরিয়নে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে মাঠের প্রস্তুতি বিঘ্নিত হয়। পরিস্থিতি সামাল দিতে মাঠকর্মীরা দ্রুত মূল পিচ ও বোলারদের রান-আপ কাভার দিয়ে ঢেকে ফেলেন। এর মধ্যেই আম্পায়ারদের ছাতা মাথায় মাঠে নেমে সার্বিক অবস্থা ঘুরে দেখতে দেখা যায়।
সম্প্রচারকদের তরফ থেকেও দেখানো হয় যে পিচ থেকে কাভার সরানো হয়নি। স্টেডিয়ামের বড় পর্দায় বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, টস আয়োজনে বিলম্ব হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পিচ থেকে কাভার পুরোপুরি সরানোর পর আম্পায়াররা আবারও মাঠ পর্যবেক্ষণে যাবেন। টস না হওয়ায় ম্যাচ শুরু হতে বেশ খানিকটা দেরি হবে তা একরকম নিশ্চিত।




