ঝালকাঠিতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হলো

Published: November 23, 2026, 7:55 am

ঝালকাঠি শহরতলীর বিকনা এলাকায় পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযানে একটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পরিচালিত 'করিম ব্রিকস' (কেএমবি) নামের এই ইটভাটাটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানটিতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন তামান্না ইয়াসমিন মেরিনা।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা জানান, দীর্ঘ সময় ধরে কোনো বৈধ ছাড়পত্র ছাড়াই ইটভাটাটিতে কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছিল। স্থায়ী চিমনি ব্যবহার করে ইট পোড়ানোর ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল এবং প্রচুর পরিমাণে কালো ধোঁয়া ও কার্বন ডাই-অক্সাইড নির্গত হচ্ছিল। এতে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ার পাশাপাশি স্থানীয় কৃষিজমিরও ক্ষতি হচ্ছিল বলে তিনি উল্লেখ করেন।

অভিযান চলাকালে বুলডোজার দিয়ে ইটভাটার অবৈধ চিমনি ভেঙে ফেলা হয়। এরপর ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে সেখানে থাকা কাঁচা ইটগুলো নষ্ট করা হয় এবং ইটভাটাটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, পরিবেশ রক্ষায় ইটভাটা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলতে হবে। অন্যথায় অবৈধভাবে ইটভাটা পরিচালনাকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin