মানিকগঞ্জ ও ধামরাইয়ের ১০ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

Published: November 23, 2026, 4:20 am

জরুরি সংস্কার ও কারিগরি উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে মানিকগঞ্জ ও ঢাকার ধামরাইয়ের ১০টি এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আজ সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অবস্থা আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে আবাসিক ও বাণিজ্যিকসহ সব শ্রেণির গ্রাহক গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।

রোববার এক জরুরি বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ধামরাই ডিআরএসের (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন) মডিফিকেশন এবং মিটারিং ব্যবস্থা নির্মাণের কাজের জন্য এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো—মানিকগঞ্জ সদর, সাটুরিয়া, শিবালয়, ইসলামপুর, বারবাড়িয়া, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর ও শ্রীরামপুর।

তিতাস কর্তৃপক্ষ আরও সতর্ক করেছে যে, নির্ধারিত এই সংস্কার কাজের সময় উল্লিখিত এলাকাগুলোর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে গ্যাসের তীব্র স্বল্পচাপ দেখা দিতে পারে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য প্রতিষ্ঠানটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy