নববর্ষের পর ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

Published: November 23, 2026, 4:11 am

নববর্ষের পর ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে দেশটিতে আবারো সামরিক হামলা চালানোর পক্ষে নিজের অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি তেহরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনাকে অর্থহীন বলে আখ্যায়িত করেছেন। ট্রাম্পের অভিযোগ, ইরানি আলোচকেরা কেবল সময়ক্ষেপণ করছেন।

মার্কিন নির্বাচনের পর ইরান আগের চেয়ে অনেক বেশি আগ্রাসী হয়ে উঠেছে বলে দাবি করেন ট্রাম্প। তিনি ইরানি কর্মকর্তাদের ‘পেশাদার কথার কারিগর’ হিসেবে বর্ণনা করে বলেন, তারা সারাক্ষণ কথা বলে যায়, কিন্তু এসব কথার কোনো মূল্য নেই।

বর্তমানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বিস্তৃত হয়েছে এবং ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল রয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছেন ট্রাম্প।

ইরানের নৌবাহিনী যদি মার্কিন অবরোধ চ্যালেঞ্জ করার চেষ্টা করে, তবে তার পরিণতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি আশা করি তারা এমনটা করার চেষ্টা করবে। তাহলে তাদের নৌবাহিনীর সদস্যরাও সমুদ্রের তলদেশে যাবে, যেমনটা তাদের বাকিদের হয়েছে।

এদিকে ইরানের বিভিন্ন শহরে নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সাক্ষাৎকারে দেশটিতে চলমান এই বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হলে আন্দোলনকারীদের উদ্দেশে সরাসরি বার্তা দেন ট্রাম্প।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh