সরকারের প্রস্তাবিত ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে দেশজুড়ে ডাকা ধর্মঘটের কারণে আগামী সোমবার বেলজিয়ামের বিমান যোগাযোগব্যবস্থা বড় ধরনের স্থবিরতার মুখে পড়তে যাচ্ছে। দেশটির আকাশসীমা ও বিমানবন্দরগুলোর এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেবা সংস্থা ‘স্কাইস’ জানিয়েছে, তাদের কর্মীরা জাতীয় পর্যায়ের এই ধর্মঘটে যোগ দিচ্ছেন। ফলে সোমবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত (জিএমটি সময় সকাল ৬টা থেকে রাত ৮টা) বিমান চলাচলের স্বাভাবিক সেবা বজায় রাখা সম্ভব হবে না।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে স্কাইস স্পষ্ট জানিয়েছে, ‘প্রত্যাশিত জনবল দিয়ে এ সময়ে নিয়মিত বিমান চলাচল নিরাপদভাবে পরিচালনা নিশ্চিত করা সম্ভব হবে না। ফলে সংশ্লিষ্ট সেবাগুলো সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হচ্ছে স্কাইস।’ তবে সংস্থাটি নিশ্চিত করেছে যে, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং সুরক্ষার জন্য অত্যাবশ্যকীয় কিছু ফ্লাইটের ক্ষেত্রে সীমিত পরিসরে এয়ার ট্রাফিক সেবা চালু রাখা হবে।
ইউরোপের স্বল্পমূল্যের আকাশসেবা সংস্থা রায়ানএয়ারের অন্যতম প্রধান কেন্দ্র ব্রাসেলস-শার্লেরোয়া বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, এই ধর্মঘটের প্রভাবে পুরো এক দিন বেলজিয়ামের সব বিমানবন্দরেই ফ্লাইট চলাচল থমকে যেতে পারে। এতে চরম ভোগান্তিতে পড়বেন হাজার হাজার যাত্রী। ধর্মঘটের কারণে এয়ার ট্রাফিক সেবা বন্ধ করার এই শেষ মুহূর্তের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে তারা বলেছে, ‘এয়ার ট্রাফিক কন্ট্রোল ছাড়া কোনো উড়োজাহাজ উড্ডয়ন বা অবতরণ করতে পারে না।’ পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এয়ার ট্রাফিক বন্ধের পরিণতি অত্যন্ত ভয়াবহ রূপ নিতে পারে।
একই ধরনের আশঙ্কার কথা জানিয়েছে ব্রাসেলস বিমানবন্দর কর্তৃপক্ষও। তারা উল্লেখ করেছে, সোমবার সেখান থেকে ছেড়ে যাওয়া এবং সেখানে নামার কথা থাকা অধিকাংশ ফ্লাইটই বাতিল করতে হবে। এদিকে বেলজিয়ামে প্রায় ২৫টি বিমান সংস্থার প্রতিনিধিত্বকারী জোট ‘বোর্ড অব এয়ারলাইন রিপ্রেজেনটেটিভস ইন বেলজিয়াম’ জানিয়েছে, দেশটির আকাশসীমায় গত ১১ মাসের মধ্যে এটি হতে যাচ্ছে ১১তম ধর্মঘট।
ক্ষমতাসীন জোট সরকারের ব্যয় সংকোচন ও নানামুখী সংস্কারমূলক কর্মসূচির প্রতিবাদে সোমবার বেলজিয়ামজুড়ে ধর্মঘট ও প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। ধর্মঘটের পাশাপাশি রাজধানী ব্রাসেলসে বড় আকারের বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে শহরের গণপরিবহনব্যবস্থা চরমভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে সাধারণ স্কুল, সরকারি দপ্তর এবং শহর পরিচ্ছন্নতার বর্জ্য সংগ্রহ কার্যক্রমও স্থবির হয়ে পড়তে পারে।
উচ্চমাত্রার বাজেট ঘাটতি কমাতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার আগামী কয়েক বছরে ১০ বিলিয়ন ইউরো (প্রায় ১১ বিলিয়ন ডলার) সাশ্রয়ের লক্ষ্য নিয়ে একটি ব্যয় সংকোচনমূলক বাজেট বাস্তবায়নের চেষ্টা করছেন। বাজেট নিয়ে ক্ষমতাসীন জোটের শরিক দলগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে এবং আগামী সোমবারের মধ্যে এই বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়ার একটি লক্ষ্য স্থির করেছিল সরকার। এর আগে চলতি নভেম্বর মাসের শুরুর দিকে বাজেট সংক্রান্ত ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী ডে ওয়েভার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে দেশটির রাজা ফিলিপ তাঁর পদত্যাগপত্র গ্রহণ না করে সংকট সমাধানে প্রধানমন্ত্রীকে আরও সময় দেন।





