জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম জাতীয় ঐক্যের প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে স্পষ্ট কিছু শর্তারোপ করেছেন। যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে রোববার (২২ নভেম্বর) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, সরকার যদি সত্যিই জাতীয় ঐকমত্য চায়, তবেই এই পদক্ষেপের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছে সেই বার্তা পৌঁছাবে। অন্যথায় ডিসেম্বরে ঐক্যের ডাক কেবল আওয়ামী লীগকে ঠেকানোর কৌশল হিসেবে গণ্য হবে, যেখানে জানুয়ারিতে পুনরায় একদলীয় কমিটির মতামতে সংবিধান সংশোধনের আশঙ্কা থেকে যায়। এমন কোনো প্রক্রিয়ায় তার দল অংশ নেবে না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন।
দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তারা সাড়া দেবেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী আসলে কী চাচ্ছেন, কীভাবে দেশ পরিচালনা ও বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে চান, তা তারা শুনতে আগ্রহী। তবে জাতীয় ঐক্যের একটি সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকা জরুরি।
তিনি আরও বলেন, সরকার অতীতে যেসব অঙ্গীকার ভঙ্গ করেছে, তার জন্য ক্ষমা চাইতে হবে এবং এমন কিছু পদক্ষেপ নিতে হবে যাতে জনগণ ও রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হতে পারে। এনসিপির আহ্বায়ক জানান, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিক বিচার ত্বরান্বিত করা এবং আসন্ন গঙ্গা চুক্তির নবায়নসহ মৌলিক ইস্যুতে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ হলেই কেবল জাতীয় ঐক্য সম্ভব।





