মার্কিন সংগীত তারকা মাইলি সাইরাস নতুন করে ঘর বাঁধলেন। তিনি বিয়ে করেছেন তরুণ সংগীতশিল্পী ম্যাক্স মোরান্ডোকে। ৩৩ বছর বয়সী মাইলির চেয়ে পাঁচ বছরের ছোট ম্যাক্সের বর্তমান বয়স ২৮ বছর। পিপল ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে একটি ঘরোয়া আয়োজনের মাধ্যমে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ম্যাগাজিনটি বিয়ের কিছু ছবিও প্রকাশ করেছে।
বিয়ের এই আয়োজনে উপস্থিত ছিলেন মাইলির মা টিশ সাইরাস এবং তার বোন নোয়া সাইরাস। সুইমিংপুলের পাশে সাদা ফুলে সুসজ্জিত একটি মঞ্চের নিচে তারা বিয়ের আনুষ্ঠানিকতা পালন করেন। বিয়ের আগের দিন ঘনিষ্ঠজনদের নিয়ে একটি বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছিল।
মাইলি ও ম্যাক্সের দীর্ঘদিনের সম্পর্কের চূড়ান্ত পরিণতি হিসেবেই এই বিয়ে। গত বছরের ডিসেম্বরেই তারা বাগদান সম্পন্ন করেছিলেন। ম্যাক্স জানান, গত বছর জাপানের কিয়োটো ভ্রমণের সময় তিনি মাইলিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এক সাক্ষাৎকারে ম্যাক্স জানিয়েছেন, সেই প্রস্তাব দেওয়ার বিষয়টি গোপন রাখতে তাকে বেশ কৌশল অবলম্বন করতে হয়েছিল। হোটেলের বাগানে হাঁটার সময় সুযোগ বুঝে তিনি হাঁটু গেড়ে বসে মাইলিকে বিয়ের প্রস্তাব দেন।





