বাংলার লোকসংগীত কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এটি মানুষের জীবনবোধ, দর্শন, প্রেম ও বিরহের এক অনন্য সাংস্কৃতিক দলিল। সময়ের সাথে সাথে সংগীতের উপস্থাপনা ও শ্রোতাদের রুচিতে পরিবর্তন এলেও লোকজ সুরের আবেদন আজও অমলিন। এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং কালজয়ী লোকগানগুলোকে সমকালীন সংগীতায়োজনে নতুনভাবে উপস্থাপনের লক্ষ্যে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে।
এই আয়োজনে বাংলার লোকসংগীতের ভাণ্ডার সমৃদ্ধ করা কিংবদন্তি সাধক ও গীতিকারদের সৃষ্টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। বিশেষ করে শাহ আব্দুল করিম, রাধারমণ দত্ত, আরকুম শাহ, খালেক দেওয়ান, চিশতী বাউল ও বাউল হুমায়ুন কবিরের লেখা ও সুর করা গানগুলো নতুন করে সাজানো হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন চিশতী বাউল, আশিক, তসিবা বেগম, খাইরুল ওয়াসী, রাজিব হোসাইন ও শারমিন।
পুরো আয়োজনটির সংগীতায়োজন ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সংগীত পরিচালক তরিক আল ইসলাম এবং ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। সংগীত পরিচালক তরিক আল ইসলাম বলেন, বাংলার লোকসংগীত আমাদের শেকড় ও আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি গানের পঙ্ক্তি ও সুরের ভেতর আমাদের হাজার বছরের সাংস্কৃতিক উত্তরাধিকার লুকিয়ে আছে। এই উদ্যোগের মাধ্যমে সমৃদ্ধ লোকসংগীতের চর্চা অব্যাহত রাখার পাশাপাশি নতুন প্রজন্মের শ্রোতাদের বাংলার সংগীতঐতিহ্যের সঙ্গে পরিচিত করার সুযোগ তৈরি হবে বলে তিনি মনে করেন।
ধ্রুব মিউজিক স্টেশনের প্রযোজনায় গানগুলো ধারাবাহিকভাবে ধ্রুব মিউজিক কটেজ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে। একই সঙ্গে দেশি-বিদেশি বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মেও গানগুলো উপভোগ করা যাচ্ছে।





