মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে আবারও আদালত প্রাঙ্গণে হাজির হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে যান।
আদালতে মামলার শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরীমনি গত ৫ নভেম্বরের ঘটনার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। ওইদিন এক ব্যবসায়ীর মারধরের মামলায় হাজিরা দিতে গিয়ে এক সাংবাদিকের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরীমনি দাবি করেন, ওই সাংবাদিক তাঁকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছিলেন, যার ফলে তিনি ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া দেখান।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘সাংবাদিকের কার্ড ঝুলিয়ে অন্যায় করাটা কি আপনারা প্রশ্রয় দেন? আমাকে যখন ব্যাডটাচ বা গুডটাচ যেটাই হোক, করা হলো, আমার তো ব্যথা লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এটা কেন করেছো? তখন কার্ড শো করল এরকম করে যে—আমি কিন্তু সাংবাদিক। তার মানে কী দাঁড়াল? তখন তো আমি হিট মোমেন্টে; তাহলে তো বলবই, আমার সঙ্গে সাংবাদিকগিরি করো? বিষয়টি এমন নয় যে, সাংবাদিক পরিচয় দিয়ে অন্যায় করবেন।’
উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমনিকে আটক করে র্যাব। পরদিন তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর সিআইডি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত অভিযোগ গঠনের আদেশ দেন। পরবর্তীতে উচ্চ আদালতে পরীমনি আবেদন করলে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত রেখে পুনরায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির নির্দেশ দেওয়া হয়।





