৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির পাশাপাশি মাতৃত্বের এক চিরন্তন ভালোবাসার গল্প তুলে ধরতে প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। এবারের প্রতিযোগিতায় তাঁর ন্যাশনাল কস্টিউমের থিম নির্ধারণ করা হয়েছে ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ বা ‘মাতৃত্ব—ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পোশাকের ভাবনার কথা জানাতে গিয়ে মাহি লিখেছেন, পৃথিবীর আলো দেখার আগেই যে ভালোবাসা আমাদের আগলে রাখে তা মা, আর যে মাটির বুকে আমরা বেড়ে উঠি তা আমাদের মাতৃভূমি।
সামিরা জানান, বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই পোশাকটি পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার প্রতি তাঁর শ্রদ্ধাঞ্জলি। মা ও সন্তানের সম্পর্কের গভীরতা, জন্মের বিস্ময়, নীরব ত্যাগ এবং আজীবন আগলে রাখার প্রতিশ্রুতি এই পোশাকের নকশা ও প্রতীকের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। তাঁর প্রত্যাশা, এই গল্প ভৌগোলিক সীমানা পেরিয়ে পৃথিবীর মানুষের হৃদয় স্পর্শ করবে। এটি কেবল সৌন্দর্য প্রদর্শনের অনুষঙ্গ নয়, বরং মা ও জন্মভূমির প্রতি ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম বলে তিনি উল্লেখ করেন।
ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে আগামী ২৪ নভেম্বর এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে মাহি যেমন উচ্ছ্বসিত, তেমনি প্রস্তুতির সময় কম পাওয়ায় তাঁর মধ্যে একধরনের নার্ভাসনেসও কাজ করছে। এর আগে শিরিন শিলা, আনিকা আলম ও তানজিয়া জামান মিথিলা মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
অভিনয় ও মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করা সামিরা মাঝপথে অসুস্থতার কারণে বিরতি নিলেও পরবর্তীতে নাটকে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। এখন নতুন পরিচয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে লড়ছেন তিনি। মাহির এই পোস্টটি প্রকাশের মাত্র ৪০ মিনিটের মধ্যে ২ হাজার প্রতিক্রিয়া এবং ১৫০টি মন্তব্য জমা পড়েছে, যেখানে অনেকেই তাঁকে শুভকামনা জানিয়েছেন।





