রাজস্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকে ক্রুজার গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জনের মৃত্যু

Published: November 22, 2026, 3:22 am

ভারতের রাজস্থানে কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নারী ও শিশুসহ ৯ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এনডিটিভি। এ দুর্ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে (আনুমানিক রাত ২টার দিকে) শম্ভুপুরা গ্রামের কাছে ক্রুজার গাড়ি ও দাঁড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রের বরাতে জানা যায়, মহারাষ্ট্রের একটি পরিবারের ১৫ জন সদস্য একটি ক্রুজার গাড়িতে করে রাজস্থানের খাতু শ্যামজির মন্দির দর্শন শেষে বাড়ি ফিরছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে তীব্র গতিতে ধাক্কা দেয়। প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

দুর্ঘটনায় নিহত নয়জন হলেন— উষা বাই, সুশীলা, কৈলাশ, সানভি, সজ্জন, অনিতা, বাবুলাল, জাহ্নবী এবং মাধবী। এতে আহত ছয়জনকে দ্রুত উদ্ধার করে অ্যাম্বুলেন্সে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে একটি বিশেষ মেডিকেল টিমের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে।

ঘটনার তথ্য পেয়েই রাজস্থানের সিটি পুলিশ সুপার তেজস্বিনী গৌতম দুর্ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ও উদ্ধারকারী দল দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেয়। পরবর্তীতে অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ যোশি নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক বলে বর্ণনা করেন।

সংবাদমাধ্যম এএনআইকে অতিরিক্ত জেলা কালেক্টর বলেন, ‘তারা খাতু শ্যামজি দর্শন শেষে মহারাষ্ট্রে ফিরছিলেন। সবাই একই পরিবারের সদস্য। এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং তাদের সুস্থ করে তোলা।’ তিনি আরও জানান, নিহতদের ময়নাতদন্তের আইনি প্রক্রিয়াও পরিচালিত হচ্ছে।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া পরিবারের এক সদস্য জানান, তারা মোট ৩৬ জন আত্মীয়স্বজন তিনটি গাড়িতে করে খাতু শ্যাম থেকে মধ্যপ্রদেশের ধার এলাকার দিকে যাচ্ছিলেন। গত মঙ্গলবার রাতে তাদের যাত্রা শুরু হয় এবং পথিমধ্যে একটি হোটেলেও বিরতি নিয়েছিলেন তারা। ভ্রমণের একপর্যায়ে দুটি গাড়ি পেছনে পড়ে যায় এবং ১৫ সদস্য বিশিষ্ট দুর্ঘটনাকবলিত গাড়িটি সামনে এগিয়ে যায়। পরে এক বোন ফোন করে দুর্ঘটনার খবর জানালে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। দুর্ঘটনার পর পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি তদারকি করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy