নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত

Published: November 23, 2026, 11:15 am

ভারত ও নেপালের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে ১৬২ কোটি ডলার বা ১৫ হাজার কোটি ভারতীয় রুপির উন্নয়ন সহায়তা ঘোষণা করেছে নয়াদিল্লি। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের ভারত সফরকালে সোমবার নয়াদিল্লিতে দুই নেতার বৈঠকের পর এই ঘোষণা আসে। ২০২৬ সালের মার্চে ক্ষমতা গ্রহণের পর এটিই নেপালের প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় ভারত সফর।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, গত আগস্টে নেপালে ভয়াবহ বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই ক্ষতি কাটিয়ে উঠতে এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যেই এই বিশাল অংকের সহায়তা দেওয়া হচ্ছে। এই অর্থ নেপালের পুনর্গঠন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় করা হবে।

বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারত ও নেপাল কেবল প্রতিবেশী নয়, বরং দুই দেশের মধ্যে গভীর আস্থা ও ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তিনি বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, কঠিন সময়ে দুই দেশ সবসময় একে অপরের পাশে দাঁড়িয়েছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ভারতের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের সম্পর্ককে হিমালয়ের মতো দৃঢ় ও সমুদ্রের মতো বিস্তৃত বলে অভিহিত করেন। তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুই দেশের যৌথ উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেছেন।

সহায়তা ঘোষণার পাশাপাশি দুই দেশের মধ্যে আটটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে মহাকাশ ও স্যাটেলাইট যোগাযোগ, নিরাপত্তা, পুলিশ ও অপরাধ তদন্ত, সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ, স্বাস্থ্য, আয়ুর্বেদ, টেকসই নগর উন্নয়ন এবং গবাদিপশু ও মৎস্যসম্পদ উন্নয়ন খাত অন্তর্ভুক্ত রয়েছে। মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে ভারতের ইসরো এবং নেপালের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে দক্ষিণ এশীয় স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে নেটওয়ার্ক তৈরির চুক্তি হয়েছে।

এছাড়া যোগাযোগ ও জ্বালানি খাতে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এর মধ্যে ভারতের অযোধ্যা থেকে নেপালের জনকপুর পর্যন্ত সরযূ-কামলা এক্সপ্রেস ট্রেন সার্ভিস অন্যতম, যা আগামী ২৮ নভেম্বর থেকে সপ্তাহে একদিন চলাচল করবে। এছাড়া মোতিহারি-আমলেখগঞ্জ পেট্রোলিয়াম পাইপলাইনের দ্বিতীয় পর্যায়ের কাজ, ধর্চুলা-দারচুলা সীমান্তে সড়ক সেতু, ৬৬৯ মেগাওয়াট লোয়ার অরুণ জলবিদ্যুৎ প্রকল্প এবং বানবাসায় সমন্বিত চেকপোস্টের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে যোগাযোগ ও জ্বালানি খাতেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে ভারতের অযোধ্যা থেকে নেপালের জনকপুর পর্যন্ত সরযূ-কামলা এক্সপ্রেস রেলসেবা চালু। প্রায় ৬০৪ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে আগামী ২৮ নভেম্বর থেকে নিয়মিতভাবে সপ্তাহে এক দিন করে দুই দিকে ট্রেন চলাচল করবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh