বিতর্কিত কোনো ব্যক্তি বা পলাতক কোনো আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল নাসির উদ্দিন। সোমবার সকালে ময়মনসিংহে বিজিবির সেক্টর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় সীমান্ত পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
কর্নেল নাসির উদ্দিন জানান, সীমান্ত দিয়ে কেউ যেন অবৈধভাবে প্রবেশ বা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক রয়েছেন। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় তারা পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। ময়মনসিংহ সেক্টরের আওতায় প্রায় ২৪৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে, যেখানে তিনটি ব্যাটালিয়নের সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সীমান্ত নজরদারিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের কথা উল্লেখ করে বিজিবির এই কর্মকর্তা বলেন, বর্তমানে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ২০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এছাড়া নতুন করে আরও ৬৫টি সিসিটিভি ক্যামেরা ও ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলমান রয়েছে। দুর্গম ও নদীতীরবর্তী এলাকায় টহলের জন্য বিশেষ যান অল-টেরেন ভেহিকেল (এটিভি) ব্যবহার করা হচ্ছে। প্রতিটি বর্ডার আউটপোস্টের (বিওপি) নিয়মিত চারটি টহলের পাশাপাশি বিশেষ টহলও পরিচালনা করা হচ্ছে।
ময়মনসিংহের হালুয়াঘাট ও নেত্রকোনার মহেশখালী সীমান্ত এলাকায় ভারতে পলাতক লোকজনের তৎপরতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল নাসির উদ্দিন বলেন, এ বিষয়ে বিজিবি কিছু তথ্য পেয়েছে, যা গোয়েন্দা নজরদারি ও মাঠপর্যায়ে তৎপরতার মাধ্যমে যাচাই করা হচ্ছে। প্রাপ্ত তথ্য প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সঙ্গে সমন্বয় করে যাচাই-বাছাই করা হচ্ছে। এখন পর্যন্ত ওই সব এলাকায় সন্দেহজনক কিছু নজরে আসেনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ময়মনসিংহ সেক্টরের আওতাধীন সীমান্তে ১১টি ঘটনায় ১৪১ জনকে পুশ ইন করার চেষ্টা প্রতিরোধ করা হয়েছে। একই সময়ে চারজন মানব পাচারকারীকে আটক এবং পাচারের শিকার ১৩ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও ৫৮ জন মানব পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত ৭০ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। সীমান্ত নিরাপত্তায় স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়ে কর্নেল নাসির উদ্দিন বলেন, সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কাউকে দেখলে দ্রুত বিজিবিকে অবহিত করতে হবে।





