জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও ৩০ হাফেজকে পাগড়ি প্রদান

Published: November 23, 2026, 9:21 am

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে গত রোববার এক আড়ম্বরপূর্ণ পরিবেশে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, পাগড়ি প্রদান ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বিকেল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানটি রাত ১২টা পর্যন্ত দুটি পর্বে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে অত্র মাদ্রাসা থেকে হিফজুল কুরআন সম্পন্নকারী ৩০ জন হাফেজকে সম্মাননা পাগড়ি পরিয়ে দেওয়া হয়। হাফিজ মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে এই পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উপ-পরিচালক শায়খুল হাদীস ড. মাওলানা মোহাম্মদ মুশতাক আহমদ। তিনি নসিহত পেশের পাশাপাশি পাগড়ি বিতরণ ও দোয়া পরিচালনা করেন।

বাদ মাগরিব দ্বিতীয় পর্বে শুরু হয় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও নাশিদ সন্ধ্যা। সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমেদের সভাপতিত্বে এবং কবি মীম সুফিয়ানের সঞ্চালনায় এই পর্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল এবং জগন্নাথপুর উপজেলার হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মঈনুল ইসলাম পারভেজ।

সম্মেলনে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন তানজানিয়ার শাইখ ইদী সাবান, মিশরের শাইখ সনদ আবদুল হামিদ, ইন্দোনেশিয়ার শাইখ আবদুল আজিজ, আফ্রিকার শাইখ রামাদান জুমা এবং বাংলাদেশের শাইখ আব্বাস উদ্দিন। এছাড়া নাশিদ পরিবেশনায় অংশ নেন মুজাহিদুল ইসলাম বুলবুল, আহমদ আবদুল্লাহ, ফয়েজ আহমদ শাহরুখ, শেখ এনাম ও শিশুশিল্পী পারভেজ আহমদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল রাজ্জাক, সৈয়দ মুমিন আহমদ মবনু, মাওলানা সৈয়দ মসরুর আহমদ কাসেমী, হাফিজ মাওলানা সৈয়দ ময়নুল ইসলাম, হাফিজ মাওলানা আলী আহমদ, মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা তাজুল ইসলাম আলফাজ, মাওলানা মখছুছিল কারী চৌধুরী, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা নিজাম উদ্দিন এবং মাওলানা আব্দুল মুনিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিকেল থেকেই স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের অংশগ্রহণে মাদ্রাসা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। প্রবাসী ও সাবেক শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh