ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকাসহ সারা দেশে টানা বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে আসায় জনজীবনে শীতের আমেজ অনুভূত হয়েছে। আজ রবিবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা রয়েছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস।





