শেখ হাসিনার ফেরা নিয়ে শামীম ওসমানের বক্তব্যের জট খুললেন রাশেদ খাঁন

Published: November 21, 2026, 2:46 pm

নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতা শামীম ওসমান তার দলের সভাপতি শেখ হাসিনার দেশে না ফেরার জট খুলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। শনিবার বিকেলে নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

রাশেদ খাঁন তার পোস্টে লিখেছেন, শামীম ওসমান দাবি করেছেন যে তিনি ক্যান্সারে আক্রান্ত এবং এই শারীরিক অবস্থার কারণে শেখ হাসিনা তাকে ডিসেম্বরে দেশে ফিরতে নিষেধ করেছেন। রাশেদ খাঁন আরও উল্লেখ করেন, অতীতেও শেখ হাসিনার ক্যান্সার আক্রান্ত হওয়ার বিষয়টি চাউর হয়েছিল। এখন কি তবে এমনটাই শোনা যাবে যে, ক্যান্সার আক্রান্ত হওয়ার কারণে ভারত শেখ হাসিনাকে ডিসেম্বরে বাংলাদেশে না ফেরার পরামর্শ দিয়েছে?

বিএনপি নেতা রাশেদ খাঁনের মতে, হয়তো কিছুদিন পর ওবায়দুল কাদেরসহ অন্যান্য পলাতক নেতারাও একই দাবি করবেন যে, নেত্রী তাদের দেশে ফিরতে নিষেধ করেছেন। রাশেদ খাঁন আরও বলেন, অন্তত ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে না এলেও, ভবিষ্যতে তিনি দেশে ফিরবেন—এই স্টান্টবাজিটা অন্তত জিইয়ে রাখা সম্ভব হবে।

তিনি আরও যোগ করেন, যদি সত্যিই ক্যান্সার আক্রান্ত হওয়ার কারণে শেখ হাসিনা দেশে না ফেরেন এবং সজীব ওয়াজেদ জয়ও ঝুঁকি নিয়ে আসতে না চান, তবে এই ডিসেম্বরেই আওয়ামী লীগ নামক দলটি ক্যান্সার আক্রান্ত হয়ে চিরদিনের জন্য বিদায় নেবে। রাশেদ খাঁনের ভাষায়, তখন কোনো কেমোথেরাপি দিয়েই এই দলকে আর বাঁচানো সম্ভব হবে না। তিনি পরামর্শ দেন, এমন পরিস্থিতিতে দলের হাল ধরার জন্য সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে পাঠানো যেতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy