ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের সেরাং রিজেন্সির চিকান্দে এলাকায় অবস্থিত একটি ক্যান্ডি তৈরি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনাস্থল থেকে ইতোমধ্যে ২৪টি লাশের ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। এখনো ২৯ জন শ্রমিক নিখোঁজ থাকায় তাঁদের অনুসন্ধানে সোমবার সকাল থেকে পুনরায় তল্লাশি অভিযান শুরু করবে কর্তৃপক্ষ।
বানতেন প্রদেশের পুলিশপ্রধান হেন্দ্রা কুরনিয়াওয়ান রোববার দেশটির সম্প্রচারমাধ্যম মেট্রো টিভিকে জানান, নিখোঁজ শ্রমিকদের সন্ধানে চালানো তল্লাশি অভিযান রাতের জন্য স্থগিত রাখা হয়েছিল। সোমবার সকালে উদ্ধারকর্মীরা ফের কাজ শুরু করবেন। তবে একটি লাশের ব্যাগে একাধিক ব্যক্তির দেহাংশ থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ। ফলে উদ্ধার হওয়া ব্যাগের সংখ্যা দেখে তাৎক্ষণিকভাবে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা যাচ্ছে না।
কারখানাটির মূল প্রতিষ্ঠান 'পিটি ইউনাইটেড ফ্যামিলি ফুড'-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন আরউইন উইজায়া এক সংবাদ সম্মেলনে জানান, শনিবার সন্ধ্যায় 'পিটি ফনুসা আগুং মুলিয়া' কারখানায় যখন আগুন লাগে, তখন সেখানে প্রায় ৩০০ কর্মী উপস্থিত ছিলেন। অগ্নিকাণ্ডের সময় ক্ষয়ক্ষতি হওয়া সুনির্দিষ্ট এলাকায় অন্তত ৬৫ জন শ্রমিক অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তীতে কারখানা কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়, ওই ৬৫ জনের মধ্যে ২৪ জন নিরাপদে বাড়ি ফিরে গেছেন এবং চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ২৯ জন শ্রমিক এখনো নিখোঁজ এবং বাকি আটজনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজদের পরিচয় শনাক্ত করতে তাঁদের স্বজনদের ডিএনএ নমুনার পাশাপাশি ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র থেকে আলামত সংগ্রহ করা হবে। এ শনাক্তকরণ প্রক্রিয়া শেষ হতে ২ থেকে ৩ সপ্তাহ সময় লেগে যেতে পারে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়া ছবি ও ভিডিওতে তিনতলা ভবনটি থেকে আগুনের ভয়াবহ শিখা ও ধোঁয়া বের হতে দেখা যায়। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে অবস্থিত এই কারখানাটির ভবনের ভেতরের সমস্ত যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। দমকলকর্মীরা রোববারও বিভিন্ন অংশে জমে থাকা আগুন নেভানোর কাজ চালিয়েছেন। এছাড়া ভবনের কিছু অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় ধসে পড়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা। ঘটনার কারণ উন্মোচনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে সম্প্রতি কয়েকটি বড় ধরনের অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত বছরের ডিসেম্বরে রাজধানী জাকার্তার একটি অফিস ভবনে আগুনে অন্তত ২২ জনের প্রাণহানি ঘটে। এর আগে ২০২৩ সালে একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছিলেন।





