অনলাইনে তৎপরতা বাড়াতে বাসিজ বাহিনীকে আইআরজিসির কড়া নির্দেশ

Published: November 23, 2026, 2:40 am

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের আবহে অনলাইনে নিজেদের তৎপরতা ও উপস্থিতি বাড়ানোর জন্য আধা সামরিক বাহিনী বাসিজের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটির অভিযোগ, ইরানের শত্রুরা জনমতকে প্রভাবিত করার পাশাপাশি দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আইআরজিসির উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি বাসিজ বাহিনীকে ডিজিটাল মাধ্যমে আরো সক্রিয় হওয়ার এই নির্দেশ দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এই তথ্য জানানো হয়েছে। তেহরানে বাসিজের সদস্য ও আইআরজিসির কমান্ডারদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ইজাদি অনলাইন জগতে বাহিনীর উপস্থিতি জোরদার করার পাশাপাশি সেখানে আরো সতর্ক থাকার আহ্বান জানান।

মেজর জেনারেল ইজাদি বলেন, বাস্তবতাকে বিকৃত করার যে প্রচেষ্টা চলছে এবং বিভিন্ন বয়ানকে নিজেদের স্বার্থে প্রভাবিত করার যে চেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধে লড়াই করা বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তিনি দাবি করেন, বিভিন্ন উপায়ে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর ইরানের প্রতিপক্ষরা এখন অর্থনৈতিক চাপ সৃষ্টি এবং জনগণের আস্থা দুর্বল করার কৌশল গ্রহণ করেছে।

ইরান বর্তমানে একদিকে অব্যাহত অর্থনৈতিক চাপের মুখে রয়েছে, অন্যদিকে ওয়াশিংটন ও ইসরাইলের সঙ্গে উত্তেজনাও তুঙ্গে। যদিও সংঘাতের অবসানে কূটনৈতিক প্রচেষ্টা চলমান রয়েছে, তবে পরিস্থিতির এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh