রাজধানীর হাজারীবাগে একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দুর্ঘটনায় পারভীন আক্তার (৫০) নামের এক নারী প্রাণ হারিয়েছেন। এ সময় বিস্ফোরণ ও আগুনের তীব্রতায় দগ্ধ হয়েছেন আরও দুই নারী। আহতদের মধ্যে ফরিদা বেগম (৪০) নামের একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অন্য দগ্ধ ফাতেমা আক্তার ঊর্মিকে (২১) প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারীবাগের বটতলা মাজার এলাকার একটি আটতলা ভবনের দ্বিতীয় তলায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে আসা হয়। সেখানে ফরিদা বেগমকে জরুরি চিকিৎসার জন্য ভর্তি রাখা হলেও প্রাথমিক চিকিৎসা দিয়ে ফাতেমা আক্তার ঊর্মিকে ছেড়ে দেন চিকিৎসকরা।
ঘটনার বিবরণ দিয়ে দগ্ধ ফরিদা বেগমের ছেলে রুবেল জানান, তার মা হাজারীবাগের বটতলা মাজার এলাকার ওই আটতলা ভবনের দ্বিতীয় তলার একটি বাসায় শিক্ষার্থীদের টিউশন করাতেন। ঘটনার দিন বিকেলে তিনি সেই বাসায় বেড়াতে গিয়েছিলেন। আকস্মিক দুর্ঘটনার সময় পারভীন আক্তার রান্নাঘরে অবস্থান করছিলেন। হঠাৎ তীব্র শব্দে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটলে পারভীন আক্তার ঘটনাস্থলেই মারা যান। এ সময় পাশে থাকা ফরিদা বেগম ও অন্যজন দগ্ধ হন। পরে স্থানীয় ও স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. হারুন অর রশিদ জানান, হাজারীবাগ থেকে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই নারী হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং চিকিৎসাধীন অন্যজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অন্যদিকে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, এ বিস্ফোরণের ঘটনায় ফরিদা বেগম নামে এক নারী গুরুতর আহত ও দগ্ধ হয়েছেন। তাকে বার্ন ইউনিটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।





