সাতক্ষীরার কালীগঞ্জে মাছের ঘেরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কুদ্দুস মোড়ল নামে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের কদমতলা বিলে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল কুদ্দুস মোড়ল (৩০) উপজেলার নলতা ইউনিয়নের কাশেমপুর গ্রামের নজরুল ইসলাম মোড়লের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে বৃষ্টির মধ্যে কুদ্দুস নিজের মাছের ঘেরে কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে ঘেরের বেড়িবাঁধে টাঙানো একটি তারে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। পাশে থাকা তার ভাগনে আল আমিন ঘটনাটি দেখে বাড়িতে খবর দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নলতা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহীনুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।





