কুমিল্লা সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

Published: November 21, 2026, 3:08 pm

কুমিল্লা সেনানিবাসে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

শনিবার (২১ নভেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কুমিল্লা এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি মহান মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের অসীম সাহস ও বীরত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন এবং উপস্থিত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মেজর জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী তার বক্তব্যে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় জীবনের বিভিন্ন সংকট ও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। তিনি দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা তুলে ধরেন। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতা ও পেশাদারত্বের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্যরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন বলেও তিনি মন্তব্য করেন। আধুনিক প্রযুক্তি ও দেশীয় উদ্ভাবনের সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী ও স্বনির্ভর করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করেছিলেন। এই সম্মিলিত সামরিক উদ্যোগ মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জনে বিশেষ ভূমিকা রেখেছিল, যার ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর দেশ চূড়ান্ত বিজয় অর্জন করে।

অনুষ্ঠানে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম, কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আখতার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম ভূইয়াসহ সামরিক-বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য, স্থানীয় ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin