সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আজও অন্তত ৩১টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে শ্রম আইনের ১৩/১ ধারায় ২২টি এবং শ্রমিক বিক্ষোভের মুখে ৯টি কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ম্যাংগো টেক্স, ফ্যাশন ফোরাম লিমিটেড, নাঈম নিটওয়্যার লিমিটেড, স্টারলিং ক্রিয়েশন ও সাদ ফ্যাশন লিমিটেড নামের আরও পাঁচটি পোশাক কারখানার ভেতরে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।
শিল্পাঞ্চলের অন্য সব কারখানায় শ্রমিকরা সকালে কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন কার্যক্রম শুরু করেছেন। তবে নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করার পর ভেতরে কর্মবিরতি শুরু করেন। পরবর্তীতে কারখানা কর্তৃপক্ষ তাদের ছুটি ঘোষণা করে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূইয়া জানিয়েছেন, অধিকাংশ পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে। কয়েকটি কারখানা ছাড়া শিল্পাঞ্চলের সামগ্রিক পরিবেশ স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কারখানাগুলোর সামনে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।





