ফুটবল বিশ্বে দীর্ঘ ২৮ বছর টিকে থাকা একটি রেকর্ড স্পর্শ করে আলোচনায় এখন ১৮ বছর ৮৫ দিন বয়সী তরুণ রিও এনগুমোহা। ১৯৯৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের হয়ে গোল করে রেকর্ড গড়েছিলেন মাইকেল ওয়েন, তখন তাঁর বয়স ছিল ১৮ বছর ১২ দিন। সেই কীর্তির ২৮ বছর পর এবার সেই উচ্চতায় পৌঁছালেন এনগুমোহা।
গত রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের ৪-০ গোলের জয়ের ম্যাচে এনগুমোহা নিজে একটি গোল করেছেন এবং সতীর্থের আরেকটি গোলে অবদান রেখেছেন। এর ফলে ওয়েনের পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লিভারপুলের হয়ে ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ভিন্নধর্মী দুই অবদান রাখার কৃতিত্ব অর্জন করলেন তিনি। ম্যাচে এনগুমোহার গোলটি আসে দ্বিতীয়ার্ধে ব্র্যাডলি বারকোলার পাস থেকে। এর আগে প্রথমার্ধে ফ্লোরিয়ান ভির্টৎসের গোলেও তাঁর অবদান ছিল। বিরতির আগে ইউনাইটেডের ডিফেন্ডার লেনি ইয়োরো আলেক্সান্দার ইসাককে শেষ ডিফেন্ডার হিসেবে ফাউল করায় রেফারি স্যাম ব্যারট তাঁকে লাল কার্ড দেখালে দলটি ১০ জনের দলে পরিণত হয়।
ম্যাচ শেষে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয়কেই বেশি গুরুত্ব দিয়েছেন এনগুমোহা। বিবিসির ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠানে তিনি বলেন, লিভারপুল-ইউনাইটেড ম্যাচের চেয়ে বড় কোনো ম্যাচ নেই এবং অ্যানফিল্ডে তিন পয়েন্ট পাওয়াটা সবসময়ই বিশেষ। তিনি আরও যোগ করেন, আজকের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ ছিল এবং রেকর্ডগুলো বিশেষ হলেও গোল করা ও দলকে জয়ী হতে সাহায্য করাই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আশা প্রকাশ করেন, সামনে আরও অনেক গোল করতে ও করাতে পারবেন তিনি।
তরুণ এই তারকার পারফরম্যান্সে মুগ্ধ লিভারপুল কোচ আন্দোনি ইরাওলাও। তিনি এনগুমোহার প্রশংসা করে জানান, রিও মাঠের ডান ও বাঁ—দুই প্রান্তেই অনেক মিনিট খেলছে। ভেতরে ঢুকে শট নেওয়া কিংবা বাইরে দিয়ে গিয়ে ক্রস করার মতো বিষয়গুলোতে সে ক্রমশ অভ্যস্ত হয়ে উঠছে, যা দলের জন্য ইতিবাচক।




