সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা অবশ্যই প্রমাণের ভিত্তিতে হতে হবে: মুসাদ্দিক মালিক

Published: November 23, 2026, 6:56 am

পাকিস্তান ও ভারতের মধ্যে সন্ত্রাসবাদ নিয়ে যেকোনো ধরনের আলোচনা অবশ্যই প্রমাণের ভিত্তিতে হতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক। নয়াদিল্লিতে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সভ্যতাবিষয়ক সংলাপ ফোরামের ফাঁকে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

মুসাদ্দিক মালিক প্রস্তাব করেন যে, দুই দেশের পক্ষ থেকে প্রমাণ উপস্থাপন এবং তা যাচাইয়ের জন্য দ্বিপক্ষীয় কিংবা বহুপক্ষীয় ফোরাম ব্যবহার করা যেতে পারে। তিনি বলেন, উসকানিমূলক পাল্টাপাল্টি বক্তব্যের পরিবর্তে পাকিস্তান সন্ত্রাসবাদ সমস্যার একটি স্থায়ী সমাধান চায়। তিনি আরও জানান, দ্বিপক্ষীয় আলোচনা কিংবা বহুপক্ষীয় ফোরামের মাধ্যমে প্রমাণ উপস্থাপনের প্রস্তাব পাকিস্তান বারবার দিয়ে আসছে।

পাকিস্তানের এই মন্ত্রী বলেন, দুই দেশেরই উচিত নিজেদের কাছে থাকা প্রমাণ সামনে আনা এবং স্বচ্ছতার সঙ্গে সমস্যাগুলোর সমাধানে এগিয়ে আসা। তিনি উল্লেখ করেন যে, অনেক সময় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও পরে সেসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয় না, যার ফলে এ ধরনের আলোচনা থেকে কার্যকর কোনো ফল পাওয়া যায় না।

সন্ত্রাসবাদের প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে মুসাদ্দিক মালিক জানান, পাকিস্তান, ইরান ও আফগানিস্তানসহ পুরো অঞ্চল সন্ত্রাসবাদে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, পাকিস্তানে হাজার হাজার মানুষ উগ্রবাদ ও সন্ত্রাসবাদের শিকার হয়েছেন এবং আমাদের দেশে প্রতিদিনই মানুষ শহীদ হচ্ছেন। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী হামলার পেছনে থাকা নেটওয়ার্কগুলোর সন্ধান বের করাই এখন পাকিস্তানের প্রধান লক্ষ্য বলে তিনি জানান। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের সঙ্গে যদি কারও সবচেয়ে বেশি স্বার্থ জড়িত থাকে, তবে এই মুহূর্তে পাকিস্তানেরই সবচেয়ে বেশি স্বার্থ রয়েছে। একই সঙ্গে তিনি সন্ত্রাসবাদ মোকাবিলা ও এর অবসানে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin