৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

Published: November 23, 2026, 6:33 am

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আসন্ন বাংলাদেশ সফরকে কেন্দ্র করে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে তিনি ঢাকায় আসছেন। এটি বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর কোনো বিদেশি সরকারপ্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফর হতে যাচ্ছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ৭ ডিসেম্বর সন্ধ্যায় আনোয়ার ইব্রাহিম ঢাকায় পৌঁছাবেন এবং পরদিন ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ঢাকায় তার অবস্থানের সম্ভাব্য সময়সীমা প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা।

এই সফর উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করেছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ২(ক) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আগামী ৭ ও ৮ ডিসেম্বর সফরকালীন সময়ের জন্য তাকে ভিভিআইপি ঘোষণা করা হয়। এস. আর. ও. নং ৪১৯-আইন/২০২৬ নম্বরে জারি করা এই প্রজ্ঞাপনটি সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সফরকালে দুই নেতার বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, বাংলাদেশের শ্রমবাজার এবং মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। এছাড়া হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই সফরে দুই দেশের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

এর আগে গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া গিয়েছিলেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২২ জুন কুয়ালালামপুরে অনুষ্ঠিত সেই বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিলেন। এবারের সফরকে জুনের ওই বৈঠকের সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনার সুযোগ হিসেবে দেখছে ঢাকা। এছাড়া দীর্ঘদিনের ঝুলে থাকা যৌথ কমিশন বৈঠক ও দ্বিপক্ষীয় পরামর্শ সভা আয়োজনের বিষয়টিও আলোচনায় আসতে পারে।

উল্লেখ্য, আনোয়ার ইব্রাহিম এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সফর করেছিলেন, সে সময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বর্তমান সরকারের সময়ে তার এই সফর দুই দেশের সরকারপ্রধান পর্যায়ের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট কূটনৈতিক মহল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin