বিশ্ব শেয়ারবাজারের সাম্প্রতিক নিম্নমুখী প্রবণতার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে। এর ফলে সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার তেলের দাম কিছুটা কমেছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার গ্রিনিচ মান সময় রাত ২টা ১৬ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২৯ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম শূন্য দশমিক ১৮ শতাংশ হ্রাস পেয়ে প্রতি ব্যারেল ৮৩ দশমিক ২৬ ডলারে লেনদেন হয়।
এর আগে টানা তিন সপ্তাহ ধরে বিশ্ববাজারে তেলের দরপতন অব্যাহত ছিল। কেবল বিদায়ী সপ্তাহেই ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমেছিল। সেই ধারাবাহিকতায় শেয়ারবাজারের পতনে তেলের দর আবারও কমলেও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সরবরাহ বিঘ্নিত হওয়ার নতুন আশঙ্কা দামকে অতিরিক্ত কমতে দেয়নি।
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাবে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চলছে। বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনায় আন্তর্জাতিক তেল সরবরাহ নিয়ে মারাত্মক উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই রোববার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার দাবি করে। একই সাথে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির কাছে কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার খবর পাওয়া গেছে। ফলে বিশ্ব শেয়ারবাজারের ধসের কারণে জ্বালানি তেলের বাজারে মন্থর ভাব তৈরি হলেও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংঘাত বড় ধরনের মূল্যপতন রোধে ভূমিকা রাখছে।





