হরমুজ প্রণালিতে দুটি ট্যাংকারে আগুন, আবার যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের

Published: November 23, 2026, 5:29 am

ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার চলমান সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আবারও তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পূর্বাঞ্চলের এক 'নিষিদ্ধ এলাকায়' প্রবেশের পর দুটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার কথা জানিয়েছে ইরানের নৌবাহিনী। এর মধ্যেই নতুন বছরের মধ্যে কোনো সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করার সিদ্ধান্তের দিকে এগোচ্ছেন বলে আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোরের (আইআরজিসি) উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি জানিয়েছেন, দেশটির শত্রুরা সরাসরি উদ্দেশ্যে ব্যর্থ হয়ে এখন অর্থনৈতিক চাপ বাড়ানো এবং জনগণের আস্থা নষ্ট করার কৌশল বেছে নিয়েছে। তেহরানে আইআরজিসির কমান্ডার ও বাসিজ সদস্যদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, প্রতিপক্ষ জনমতকে প্রভাবিত করতে ও অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরিতে সক্রিয় রয়েছে। এমন প্রেক্ষাপটে তিনি বাসিজ বাহিনীকে অনলাইনে তাদের সক্রিয়তা ও নজরদারি জোরদার করে বিভিন্ন বয়ান ও বাস্তবতাকে বিকৃত করার প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই চালানোর আহ্বান জানান।

এদিকে আইআরজিসি দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত মার্কিন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার একটি রাডার স্থাপনায় সফল হামলা চালিয়েছে। এর পাশাপাশি হরমুজ প্রণালির ওপর দিয়ে উড়ে যাওয়া যুক্তরাষ্ট্রের একটি 'প্রিডেটর' ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে বাহিনীটি। তবে ইরানের বিরুদ্ধে পরিচালিত এই সামরিক অভিযানের লক্ষ্য ও পদ্ধতি নিয়ে খোদ যুক্তরাষ্ট্রেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট সিনেটর মার্ক কেলি ট্রাম্প প্রশাসনের যুদ্ধ পরিচালনার ভূমিকা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন। অ্যারিজোনার এই সিনেটর ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এই ব্যর্থ যুদ্ধের জন্য অবশ্যই জবাবদিহি নিশ্চিত করতে হবে। নৌবাহিনীর সাবেক এই পাইলট, যিনি বর্তমানে সিনেটের সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা কমিটির সদস্য, প্রশ্ন তোলেন যে এই অভিযান কি কোনো সুনির্দিষ্ট কৌশলগত উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, নাকি কেবল ধ্বংসযজ্ঞ চালানোই ছিল এর প্রধান লক্ষ্য। তিনি হামলার অনুমোদিত টার্গেট তালিকা এবং সামরিক কেনাকাটায় কয়েক হাজার কোটি ডলার খরচে সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও তদন্তের আহ্বান জানান। আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্রেটদের হাতে যাওয়ার কথা থাকায় এই প্রশাসনিক তদন্ত আরও জোরদার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের এই সংঘাত ও সমুদ্রপথের বৈরী পরিস্থিতির প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। আন্তর্জাতিক শেয়ারবাজারে দরপতনের কারণে পণ্যবাজারের দাম কিছুটা কমলেও পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ক্রমাগত হামলার ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পতন কিছুটা সীমিত রয়েছে। সোমবার গ্রিনিচ মান সময় রাত ২টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ০.৩ শতাংশ কমে ৯২ ডলার ২৯ সেন্টে দাঁড়ায় এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ০.১৮ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ২৬ সেন্ট হয়। উল্লেখ্য, গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমেছিল। তবে রোববার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার দাবি করায় এবং সপ্তাহান্তে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি সংলগ্ন এলাকায় একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলার খবর আসায় আঞ্চলিক সরবরাহ নিয়ে শঙ্কা রয়েই গেছে।

অন্য একটি সূত্রে, সামরিক সংঘাতের কারণে সুদূরপ্রসারী ও দীর্ঘস্থায়ী প্রাকৃতিক ও কৌশলগত ক্ষতির কথা তুলে ধরেছেন বৃটিশ দীর্ঘপাল্লার সাঁতারু লুইস পিউ। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের এই যুদ্ধের ক্ষতিকর প্রভাব কয়েক প্রজন্ম ধরে বজায় থাকবে। হরমুজ প্রণালির পরিবেশগত বিপর্যয় প্রত্যক্ষ করতে গত সপ্তাহে টানা তিন দিন সেখানে সাঁতার কাটেন তিনি। নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে তিনি জানান, একদিকে মুসান্দাম উপদ্বীপের খাড়া পাহাড়ি উপকূল, ফিয়র্ড, পানিতে সাঁতার কাটা ডলফিন, কচ্ছপ এবং অসপ্রে পাখির মতো সুন্দর প্রাকৃতিক দৃশ্য যেমন দেখেছেন; তেমনই নিঃশ্বাস নেওয়ার মুহূর্তে পাশ দিয়ে পার হতে দেখেছেন হামলায় বিধ্বস্ত জাহাজের বহর। তিনি প্রথম দিনে একটি তেলবাহী ট্যাংকার এবং দ্বিতীয় দিনে একটি গ্যাসবাহী ট্যাংকারে হামলা ও বিস্ফোরণ ঘটতে দেখেন। অনতিবিলম্বে এই যুদ্ধ বন্ধের পাশাপাশি কৌশলগত আন্তর্জাতিক নৌপথটি পুনরায় চালুর এবং উদ্ভূত বিপর্যয় কাটানোর আহ্বান জানিয়েছেন এই সাঁতারু।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin