ইসরাইলে সরকার গঠনকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের ইয়াশার পার্টির মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তেল আবিবের নিকটবর্তী হার্জলিয়ায় একটি হোটেলে রোববার চার ঘণ্টা ধরে এই বৈঠক চললেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়েছে। তবে উভয় পক্ষই জানিয়েছে, আলোচনার প্রক্রিয়া অব্যাহত থাকবে।
গত অক্টোবরের নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় সরকার গঠন নিয়ে এই সংকট দেখা দেয়। আইজেনকোটের ৪৮ সদস্যের জোটকে সরকার গঠনের জন্য ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে হবে। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তার সরকার গঠনের সাংবিধানিক সময়সীমা রয়েছে, যা প্রয়োজনে আরো ১৪ দিন বাড়ানো সম্ভব।
নেতানিয়াহু দুই নেতার মধ্যে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির ভিত্তিতে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। তবে আইজেনকোট নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারে যোগ দিতে রাজি নন। তার মিত্র ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো পরিস্থিতিতেই তারা নেতানিয়াহুর সঙ্গে সরকার গঠনে অংশ নেবেন না।
অন্যদিকে, লিকুদ পার্টি ঐক্য সরকারে যোগ দেওয়ার বিনিময়ে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ বন্ধ রাখা, আরব দলগুলোকে সরকারে অন্তর্ভুক্ত না করা এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করা। পাশাপাশি সিরিয়া, লেবানন ও গাজা উপত্যকায় ইসরাইলের নিয়ন্ত্রণ বজায় রাখা এবং উগ্র-অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিষয়ে সমঝোতার দাবি জানিয়েছে দলটি।
আইজেনকোট শুক্রবার জানিয়েছেন, তিনি সরকার গঠনের আলোচনা দীর্ঘায়িত করতে চান না। প্রয়োজনে তিনি জরুরি ভিত্তিতে জাতীয় সরকার গঠনের উদ্যোগ নেবেন। তার পরিকল্পনায় প্রথমে বিরোধী দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকার গঠন এবং পরবর্তীতে এর পরিসর বাড়ানোর বিষয়টি রয়েছে। তবে আরব দলগুলোর সমর্থন নেওয়া নিয়ে আইজেনকোটের নিজের জোটেই মতভেদ রয়েছে। তার ডানপন্থি মিত্র আভিগদর লিবারম্যান আরব দলগুলোর সঙ্গে কাজ করার ঘোর বিরোধী এবং তিনি উগ্র-অর্থোডক্স ইহুদি দলগুলোর সঙ্গে জোট গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন। এই অভ্যন্তরীণ মতভেদের কারণে ইসরাইলে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা এখনো কাটেনি।





