দেশের বাজারে টানা ৯ দফায় কমল সোনার দাম

Published: November 23, 2026, 4:49 am

দেশের বাজারে ভালো মানের সোনার গহনার দাম আরও এক দফা কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সবশেষ ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। শনিবার (২১ নভেম্বর) রাতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই নতুন দর কার্যকর থাকবে।

এ নিয়ে টানা ৯ দফায় দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার গহনার দাম মোট ৩৪ হাজার ৬৯০ টাকা কমানো হলো। এর আগে গত ২০ নভেম্বর ১০ হাজার ৯৫৪ টাকা, ১৯ নভেম্বর ৩ হাজার ২৬৬ টাকা, ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা, ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং সর্বশেষ ৬ হাজার ১৮২ টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়েছিল।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৮৯০ টাকা কমিয়ে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৫ হাজার ১৫ টাকা কমিয়ে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৫৪১ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম কমানো হলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin