দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সম্মত বাংলাদেশ ও নেপাল

Published: November 23, 2026, 5:25 am

বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও নেপাল তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর মধ্যে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎকালে এই অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক অবস্থা পর্যালোচনা করে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী এই দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ, শিক্ষা ও পর্যটনসহ প্রধান খাতগুলোতে সহযোগিতা এগিয়ে নেওয়ার উপায়গুলো গুরুত্ব পায়।

উভয় পক্ষই তাদের দীর্ঘদিনের বন্ধুত্বকে শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বে রূপান্তর করতে এবং জনগণের জন্য দৃশ্যমান সুফল বয়ে আনতে বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোগুলোর মাধ্যমে যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেয়। এছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে এবং অভিন্ন উন্নয়ন অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সালাহউদ্দিন নোমান চৌধুরীকে অভিনন্দন জানান নেপালের রাষ্ট্রদূত। এ সময় তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh