গাজীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের

Published: November 23, 2026, 8:19 am

গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙিলা বাজার এলাকায় তারা এই কর্মসূচি পালন করেন।

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও দলটির নেতা আব্দুল জলিলের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। এতে মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনসহ কয়েক শতাধিক নেতা-কর্মী অংশ নেন। মিছিলের সময় তারা বিভিন্ন স্লোগান দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের পর থেকে এসব নেতা-কর্মীর অনেকেই দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন।

ঘটনাটির বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মিছিলের বিষয়টি তারা খোঁজখবর নিয়ে দেখছেন এবং দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin