মাতিয়া বানু শুকুর চিকিৎসায় ‘ডুবসাঁতার’ প্রচার করবে চ্যানেল আই

Published: November 23, 2026, 10:45 am

ক্যানসার ও কিডনির জটিল রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু। তাঁর চিকিৎসার অর্থ সহায়তায় এগিয়ে এসেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। প্রতিষ্ঠানটি তাঁর স্বামী ও চিত্রনির্মাতা নূরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’ চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। আগামী ২৮ নভেম্বর শনিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে ছবিটি চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে। এই প্রদর্শনীর বিজ্ঞাপন থেকে অর্জিত সব অর্থ মাতিয়া বানু শুকুর চিকিৎসায় ব্যয় করা হবে।

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর সম্প্রতি শুকুর শারীরিক অবস্থার অবনতি ঘটে। গত শনিবার সকালে কেবিন থেকে স্থানান্তরিত করে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। নূরুল আলম আতিক জানান, ক্যানসার শরীরে ছড়িয়ে পড়ায় শুকুর প্রচুর অক্সিজেনের প্রয়োজন হচ্ছে এবং তাঁর অবস্থা দেখে চিকিৎসকেরাও বেশ উদ্বিগ্ন। পরিবার ও চিকিৎসকেরা মিলে লাইফ সাপোর্ট ও পরবর্তী চিকিৎসার পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। বর্তমানে যে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে, সেখানে ব্যয় অনেক বেশি। রোগীর অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাঁকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), কমিউনিটি হাসপাতাল কিংবা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরিকল্পনা করছে পরিবার।

বিগত ১৪ মাসে ঢাকা ও ভারতের চেন্নাইয়ে মাতিয়া বানু শুকুর চিকিৎসাবাবদ ৬৫ লাখ টাকারও বেশি খরচ হয়ে গেছে এবং আগামী দিনের চিকিৎসা আরও অনেক ব্যয়সাপেক্ষ। কঠিন এই সংকটে অনেক পরিচিত ও অপরিচিত মানুষ পাশে এসে দাঁড়িয়েছেন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন নূরুল আলম আতিক। তিনি বলেন, “১৪ মাস ধরে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। অথচ এই সময়ে এমন সব বন্ধু জুটল, যাঁরা আমাদের চেনেন না, জানেন না—তাঁরাও আমাদের পাশে এসে নানানভাবে দাঁড়িয়েছেন। কেউ কেউ পাশে এসে দাঁড়িয়ে কাউকে জানাতে চাইছেন না। আশ্চর্য ভালোবাসার এক কারবার দেখলাম। এত সব দুর্ঘটনা, এত সব অস্থিরতার মধ্যেও যা দেখলাম, তাতে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।”

ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের টিভি নাটক ও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। নাট্যকার ও পরিচালক হিসেবে ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’ ও ‘গোল্লাছুট’-এর মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক উপহার দিয়েছেন তিনি, যেখানে ফুটে উঠেছে মধ্যবিত্তের জীবন ও সমাজ বাস্তবতা। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার প্রযোজক হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

মাতিয়া বানু শুকুর চিকিৎসার ব্যয় বহনে শুভাকাঙ্ক্ষী ও বিজ্ঞাপনদাতাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। দেশ ও বিদেশ থেকে সাহায্য পাঠাতে তাঁর স্বামী নূরুল আলম আতিকের ব্যাংক হিসাব ব্যবহার করা যাবে। ব্যাংক হিসেবসংক্রান্ত বিবরণ: হিসাবের নাম: Nurul Alam Atique, হিসাব নম্বর: 2801137484001, ব্যাংক: সিটি ব্যাংক (City Bank), শাখা: উত্তরা (Uttara), রাউটিং নম্বর: 225264634, সুইফট কোড: CIBLBDDH।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo