আইসিজে রায় মেনে নিল ১৪ দেশ, মিয়ানমারের ৫ কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

Published: November 24, 2026, 2:58 am

রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে চালানো সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যে ঐতিহাসিক রায় দিয়েছেন, তা মেনে নিয়েছে ইউরোপ, আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চলের ১৪টি দেশ। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের আওতায় মিয়ানমারকে আদালতের সিদ্ধান্ত ও দায়িত্ব পুরোপুরি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। আলাদা এক ঘোষণায় যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধকে গণহত্যা বলে স্বীকৃতি দিয়েছে এবং মিয়ানমারের সামরিক বাহিনীর পাঁচ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাজ্যসহ ১৪টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গত সোমবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে আদালতের রায়কে স্বীকৃতি প্রদান করেন। বিবৃতি প্রদানকারী অন্য ১৩টি দেশ হলো অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন ও গাম্বিয়া।

যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক যৌথ ফোরামের প্রতিনিধিরা স্পষ্ট করেন, গণহত্যা সনদের আওতায় মিয়ানমার তার আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা ভঙ্গ করেছে। আইসিজের এই রায় মিয়ানমারের জন্য বাধ্যতামূলক, ফলে আন্তর্জাতিক আইন অনুযায়ী আদালতের সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন করা দেশটির দায়িত্ব।

পৃথক বিবৃতির মাধ্যমে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড উল্লেখ করেন, রোহিঙ্গাদের ওপর যে ভয়াবহ সহিংসতা ও নির্দয় নিপীড়ন চালানো হয়েছে, তা জবাবদিহি ছাড়া পার পেতে পারে না। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়া মিয়ানমার সেনা কর্মকর্তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং তাদের বৃটেনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। পাশাপাশি মিয়ানমারে সামরিক বিমান চলাচলের জ্বালানি রপ্তানি ও সরবরাহ পুরোপুরি বন্ধে আইন তৈরির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে লন্ডন।

সংকটকবলিত রাখাইন রাজ্যে রোহিঙ্গা ও অন্যান্য জনগোষ্ঠীর জরুরি জীবনরক্ষাকারী সেবা ও জীবনমান উন্নয়নে অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। এতে সেখানকার প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। এ ছাড়া মিয়ানমারজুড়ে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের জন্য ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার আন্তর্জাতিক প্রচেষ্টায় আরও ৩০ লাখ পাউন্ড বরাদ্দ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চালানো সামরিক অভিযানকে গণহত্যা বলে গত ১৯ নভেম্বর ঐতিহাসিক রায় প্রদান করে আইসিজে। বিশ্ব আদালতের ৮০ বছরের ইতিহাসে কোনো দেশের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের চূড়ান্ত নির্ধারণ এটিই প্রথম। তবে মিয়ানমার সরকার আইসিজের এই সিদ্ধান্তকে অন্যায্য দাবি করে তীব্র হতাশা প্রকাশ করেছিল। রায় ঘোষণার পরপরই যুক্তরাজ্য মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। এবার গণহত্যার আনুষ্ঠানিক স্বীকৃতি ও শীর্ষ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে জান্তা সরকারের ওপর কূটনৈতিক চাপ আরও বৃদ্ধি করল লন্ডন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin