ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি

Published: November 24, 2026, 4:04 am

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে ২০১৮ সালের একটি মানহানির মামলায় অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা (এনবিডব্লিউ) জারি করেছেন দিল্লির একটি আদালত। সোমবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনাম রাইস খান এ পরোয়ানা জারির নির্দেশ দেন। বিকাশ সংস্কৃত্যায়ন ওরফে বিকাশ পান্ডের করা মানহানির অভিযোগের ভিত্তিতে মামলাটি পরিচালিত হচ্ছে। ২০১৮ সালে রাঠি নিজের ইউটিউব চ্যানেলে পান্ডেকে নিয়ে একটি ভিডিও প্রকাশের পর এই মামলার সূত্রপাত হয়। আদালত আগামী ৩ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন, তবে এ বিষয়ে বিস্তারিত আদেশ এখনো প্রকাশ করা হয়নি।

এর আগেও রাঠির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল। গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং ১৭ অক্টোবর একই ধরনের পরোয়ানা জারি করেছিলেন আদালত। ওই সময় নোটিশ পৌঁছে দিতে গিয়ে সংশ্লিষ্ট কর্মীরা রাঠির বাড়ির তালাবদ্ধ অবস্থায় পান। এরপর তাকে হরিয়ানার গুরুগ্রামের ঠিকানায় নতুন করে সমন পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

রাঠির আইনজীবী আদালতকে জানিয়েছিলেন যে, তিনি সাধারণত অস্ট্রিয়ায় বসবাস করেন এবং দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর বিক্ষোভে অংশ নিতে ভারতে এসেছিলেন। আদালত জানিয়েছে, ২০১৯ সালের জুলাই মাসেই প্রথম রাঠিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল। দীর্ঘ সময় ধরে চলা এই মামলাটিতে এবার তার বিরুদ্ধে অজামিনযোগ্য পরোয়ানা জারি করা হলো।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy