ধর্ষণ মামলায় অভিযুক্ত হওয়ার পর ইংলিশ কাউন্টি ক্লাব এসেক্স নিশ্চিত করেছে যে, তাদের ব্যাটসম্যান রবিন দাসের সঙ্গে ক্লাবের আর কোনো চুক্তি নেই। ২৪ বছর বয়সী এই ক্রিকেটারের জন্ম লন্ডনে হলেও তাঁর পৈতৃক নিবাস বাংলাদেশের সুনামগঞ্জে। তিনি ২০২২-২৩ বিপিএল মৌসুমে ঢাকা ডমিনেটরসের হয়ে দুটি ম্যাচ খেলেছেন।
গত জুলাইয়ে রবিন দাসের বিরুদ্ধে দুটি ধর্ষণের অভিযোগ আনা হয়। মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মার্চ মাসে ব্রিকস্টনে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন—এমন অভিযোগ পাওয়ার পর ২০২৫ সালের আগস্ট মাসে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ইনার লন্ডন ক্রাউন কোর্টের কাঠগড়ায় তাঁকে হাজির করা হয়। ২০২৮ সালের জানুয়ারি মাসে পাঁচ দিনব্যাপী বিচারকাজ শুরুর আগে তাঁকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে।
এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, রবিন দাসকে নিয়ে আদালতের কার্যক্রম সম্পর্কে তারা অবগত। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টির গুরুত্ব উপলব্ধি করছে এবং মামলার পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে আর কোনো মন্তব্য করবে না। বিবৃতিতে আরও বলা হয়, সাসপেনশন এবং খেলার বাধ্যবাধকতা পূরণে ব্যর্থতার কারণে ২০২৬ মৌসুম শেষ হওয়ার আগেই তাঁর সঙ্গে ক্লাবের খেলার চুক্তি শেষ হয়ে যায়। এই সিদ্ধান্তটি চলমান আইনি প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয় বলেও ক্লাবটি উল্লেখ করেছে।
এর আগে পুলিশি অভিযোগ গঠনের পর চেলমসফোর্ডভিত্তিক ক্লাবটি রবিন দাসকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল এবং মৌসুম শেষে তাঁর চুক্তি নবায়ন করেনি। ক্লাবটি দাবি করেছে, কথিত এই ধর্ষণগুলো তাদের ক্লাবের কার্যক্রমের বাইরে সংঘটিত হয়েছে। রবিন দাস এসেক্সের হয়ে মোট ৬০টি ম্যাচ খেলেছেন। চলতি মৌসুমে তিনি মূল দলের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন, যেখানে গত ২১ জুলাই মিডলসেক্সের বিপক্ষে মেট্রো ব্যাংক ওয়ানডে কাপ ম্যাচে তিনি ২৯ রান করেছিলেন।
২০২২–২৩ বিপিএলে ঢাকা ডমিনেটরসের হয়ে ২ ম্যাচ খেলেছেন।গত জুলাইয়ে রবিনের বিরুদ্ধে দুটি ধর্ষণের অভিযোগ আনা হয়।





