ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান এবং দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির একটি গোপন ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে। মঙ্গলবার রাতে অডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
রেকর্ড হওয়া ফোনালাপে শোনা যায়, নিজের মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়ায় নিয়ে যুবলীগ নেত্রীকে রাত দেড়টার দিকে সরাসরি নিজের বাংলোতে আসতে বলছেন ওসি ফয়জুল। ফোনালাপে ওসিকে বলতে শোনা যায়, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’ এতে যাতায়াতে কোনো সমস্যা হবে কি না—যুবলীগ নেত্রী এমন আশঙ্কা প্রকাশ করলে ওসি আশ্বস্ত করে বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ কথোপকথনের একপর্যায়ে যুব মহিলা লীগ নেত্রী ওসিকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন। তা ছাড়া দুই লাখ টাকা ঘুষ নেওয়ার পরেও উক্ত নেত্রীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার বিষয়েও দুজনের মধ্যে কথা হতে শোনা যায়।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আদালতে চালান দেওয়া হয়। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর তাঁদের এই ফোনালাপের অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অডিওটি প্রকাশ্যে আসার পর এক ভিডিও বার্তায় যুব মহিলা লীগ নেত্রী সনি অভিযোগ করে বলেন, গ্রেপ্তারের পর থানা-হাজতে থাকা অবস্থায় ওসি ফয়জুল তাঁকে আলিঙ্গন করারও প্রস্তাব ও অনুরোধ জানিয়েছিলেন। তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন দাগনভূঞা মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান। অবশ্য ফাঁস হওয়া কল রেকর্ডে কণ্ঠ ও কথোপকথনের কথা স্বীকার করে তিনি জানান, অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের কৌশল হিসেবেই তিনি ভিন্ন এই পন্থা অবলম্বন করেছিলেন। একই সঙ্গে পুলিশের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করতেই এটি নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।





